উপজেলা নির্বাচনের প্রথম দু’দফায় বিএনপি জামায়াতের কাছে আওয়ামী লীগ ধরাশায়ী হলেও পঞ্চম দফায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক-তৃতীয়াংশ উপজেলায় জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের দাপটের কাছে টিকতে না পেরে সোমবার অনুষ্ঠিত ৭৩টি উপজেলার মধ্যে প্রায় ২৩টি উপজেলায় বিরোধীপক্ষ নির্বাচন বর্জন করেছে। ফলে এসব উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয় পেতে আর কোনো বাধাই রইল না।
তৃতীয় ও চতুর্থ দফার মত পঞ্চম দফায়ও বিরোধী এবং বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন বর্জনের হিড়িক দেখা গেছে। ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায়, মুন্সীগঞ্জ লৌহজং দিয়ে শুরু। এরপর প্রতি মুহূর্তেই বর্জনের খবর পাওয়া গেছে।
সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ২৩টি উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।
উপজেলাগুলো হলো- টাঙ্গাইলের ঘাটাইল, মুন্সীগঞ্জের লৌহজং, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা, জামালপুরের মাদারগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, বরগুনার বামনা ও আমতলী, সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও দেবহাটা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের গফরগাঁও, ফেনীর ছাগলনাইয়া, পাবনার তারাবুনিয়া, বরগুনার পাথরঘাটা, কিশোরগ্রামের অষ্টগ্রাম এবং কুমিল্লার চান্দিনা।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]