যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারী সংস্থা আইএইচএস কর্তৃক ছাত্রশিবিরকে অস্ত্রধারী গ্রুপ হিসেবে তালিকাভূক্ত করে প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার এক প্রতিবাদ বার্তায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এই নিন্দা জানান।
যৌথ বার্তায় তারা বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারী সংস্থা 'আইএইচএস' শিবিরের মত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী সংগঠনকে বিশ্বের শীর্ষ দশ অস্ত্রধারী গ্রুপের মধ্যে তালিকাভূক্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা বিস্মিত হয়েছি। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শিবির নেতৃবৃন্দ আরো বলেন, 'বিগত বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলনে শিবির উল্লেখযোগ্য ভুমিকা রাখলেও  দেশী ও আন্তর্জাতিক  সকল গণমাধ্যম শিবিরের কোন কর্মীর হাতে অস্ত্র আছে, এমন দৃশ্য দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সরকারের ধারবাহিক নির্যাতন, অমানবিক  ও অগণতান্ত্রিক আচরণের পরও যাদের হাতে কখনও অস্ত্র দেখা যায় না তাদেরকে কিসের ওপর ভিত্তি করে আলকায়েদা ও তালেবানের মত সংগঠনের কাতারে রাখা হয় তা এ দেশের মানুষের বোধগম্য নয়।
শিবির নেতৃবৃন্দ বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, কোন ধরনের সন্ত্রাসের সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই। একটি সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক ও শান্তিকামী ছাত্রসংগঠন হিসেবে দেশে বিদেশে ছাত্রশিবিরের যথেষ্ট পরিচিতি রয়েছে। শান্তির পতাকাবাহী এমন একটি সংগঠনকে অস্ত্রধারী গ্রুপ বলে দাবি করলে সন্ত্রাসের সংজ্ঞাই পাল্টানো প্রয়োজন হয়ে পড়বে বলে আমরা মনে করি।
ভবিষ্যতে ছাত্রশিবিরকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পূর্বে কোন মহল দ্বারা প্রভাবিত না হয়ে ছাত্রশিবির সম্পর্কে ভাল ভাবে জেনে নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিবেদকের প্রতি আহবান জানান শিবির নেতৃবৃন্দ ।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]