মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নারী নিপীড়নের প্রতিবাদে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করার সময় হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে এই স্লোগান দেওয়া হয়।

গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ইউনিটসমূহ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালনের সেই ছবি ও ভিডিও ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করছে দিনভর। বিকেলের দিকে ওই পেজে খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ভিডিও আপলোড করা হয়।

সেখানে বিভিন্ন স্লোগানের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা ও শোনা যায়, 'একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই করা।'

এমন স্লোগান দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই লিখছেন, ছাত্রদল এমন স্লোগান সংশ্লিষ্ট ভিডিও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করার মধ্য দিয়ে আসলে সকলের কাছে ছাত্রশিবিরকে জবাই করার আহ্বান জানাচ্ছে।

ছাত্রদলের সেই ভিডিও আপলোড করা পোস্টে আশরাফুল ইসলাম নামে একজন লিখেছেন, 'আওয়ামী লীগ ছাত্রলীগ একই বয়ান দিত আজ তারা কোথায় দেখেন, তাই বলি কি স্লোগানের পরিবর্তন আনেন।' শান্ত ইসলাম নামে একজন লিখেছেন, 'এমন জঘন্য স্লোগান একমাত্র লাস্ট আওয়ামী লীগ এর মুখে শুনেছিলাম অনেক দিন পরে আবার শুনতে পেলাম, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না।'

এনএইচ