বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য লন্ডন ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে এ্যামিরাটস এয়ারলাইন্সের ৫৮৫ নং বিমান যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
চিকিৎসা শেষে ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করে পহেলা অক্টোবর খালেদা জিয়ার দেশে ফিরার সম্ভাবনা রয়েছে।
এসময় খালেদার সফরসঙ্গী হিসেবে আছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা আখতার কুলসুম। এছাড়াও একই বিমানে লন্ডন গেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র পদে নির্বাচনকারী তাবিথ আউয়াল।
লন্ডনের হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ।
এদিকে বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মমিনুল হক প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লন্ডন বিএনপির একটি সূত্রে জানা যায়, সেখানে অবস্থানকালে তিনি ছেলে তারেক রহমানের বাসায়ই থাকবেন এবং চোখের চিকিৎসা করবেন। একই সময়ে মালয়েশিয়া থেকে কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও লন্ডনে যেতে পারেন।
এমএইচ/এআই





