ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ফেনী জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবী করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নেই। একটি কুচক্রীমহল ষড়যন্ত্রের অংশ হিসাবে ছাত্রলীগের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে।
যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]