বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, ছাত্রলীগ দেশের জন্য বিষফোঁড়া। খুনী-সন্ত্রাসীদের এই সংগঠন শিক্ষাঙ্গনগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আদর্শ দিয়ে তাদের এই সন্ত্রাস মোকাবেলা করতে হবে।
মঙ্গলবার রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিবির নেতা রাসেলের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্যাতন চালিয়ে তাদের সন্ত্রাসী চরিত্রকেই আবারও প্রমাণিত করেছে। তাদের এই অপকর্ম রাজশাহীসহ দেশের শান্তিপ্রিয় মানুষকে ক্ষুব্ধ করেছে।
এই সন্ত্রাসীদের কবলে হাজার হাজার ছাত্র তাদের ছাত্রজীবন হারিয়েছে মন্তব্য করে শিবির সভাপতি বলেন-অনেক মেধাবী ছাত্র জীবন দিলেও জালিম সরকার খুনী, সন্ত্রাসীদের কোন বিচারের ব্যবস্থা করেনি। উল্টো এই খুনীদের সরকারি সহায়তা অব্যাহত রেখেছে।
তিনি বলেন,অবিলম্বে রাসেলের ওপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। হামলায় কারা জড়িত তা সবাই জানে। এরপরও তাদের গ্রেফতার করা হচ্ছে না, মানুষ বুঝতে পারছে সরকারের কর্তাব্যক্তিদের নির্দেশেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
শিক্ষাঙ্গন রক্ষায় ছাত্রজনতাকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে শিবিরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মহানগরীর নবনির্বাচিত সভাপতি ডা. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন ও মহানগরীর সাবেক সভাপতি ও রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





