প্রধানমন্ত্রী শেখ হসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্র করে বিএনপি তাদের ষড়যন্ত্রের রাজনীতির চরিচার্থ করেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে তোপখানা রোডস্থ বিএম অডিটোরিয়ামের সামনে বাংলাদেশ মক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) সূত্রে উঠে এসেছে জয়কে অপহরণ ষড়যন্ত্রে বিএনপির হাই কমান্ড জড়িত ছিল। আর তাতেই প্রমাণ হয় খালেদা-তারেকই সকল ষড়যন্ত্রের মূল।
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বিগত দুই মাস সন্ত্রাস, পেট্রলবোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছে। শত শত শ্রমিককে আহত করেছে, কর্মহীন করেছে। এখনও করছে। তার (খালেদা) বিচার বাংলার মাটিতে হবেই।
তিনি আরো বলেন, এই সরকার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সাংবিধানিক সরকার। মেয়াদ শেষের পূর্বে কোন নির্বাচন হবে না আর সংলাপের বা নির্বাচন নিয়ে আলোচনার তো প্রশ্নই আসে না। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি আহমেদ সাইফুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, নগর আওয়ামী লীগ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এমআর/ এআর





