পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে জোরালো ভূমিকা পালন করে বিশ্ব জলবায়ু নেত্রীতে পরিণত হয়েছেন।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী তার উল্লেখযোগ্য কর্মকাণ্ড ও বলিষ্ঠ কণ্ঠস্বর সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তার পরামর্শ এখন বিশ্বের বিভিন্ন সভায় গৃহীত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে রোল মডেল।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই তিনি বেঁচে আছেন। তিনি দেশকে সুন্দরভাবে সাজিয়ে ফেলছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন।

এবিএস