আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ছাত্ররাজনীতিতে জড়িত থাকার সময়ই জিয়াউর রহমানের গাড়ি থেকে পতাকা নামিয়েছি। এরশাদকে বাধা দিয়েছি। খালেদা জিয়াকে লংমার্চে বাধা দিয়েছি। নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি, কিসের খালেদা জিয়া, আমাদের দায়িত্ব দেন এক ঘণ্টায় ঢাকা এসে সমস্ত কিছু ঠিক করে ফেলব।
শনিবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় তাঁকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শামীম ওসমান এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জবাসীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ট্যাক্স না দেয়ার পরামর্শ দিয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, আপনারা সিটি করপোরেশনকে ট্যাক্স প্রদান বন্ধ করে দেন। আমি উন্নয়ন করে দেব।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শামীম ওসমান। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হলেও সেলিনা হায়াত আইভীর কাছে এক লাখ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]