ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে শিবির নেতৃবৃন্দের সাক্ষাৎ উল্লেখ করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও কিছু গণমাধ্যমের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে খবরটিকে ভুয়া বলে দাবি করেছে সংগঠনটি।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেছেন, “ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম আসন্ন মেয়র নির্বাচন সামনে রেখে কান্ডজ্ঞানহীন বক্তব্য ফেসবুকে পোস্ট করেছেন। তিনি একটি ভুইফোর অনলাইন পত্রিকার মিথ্যা-বানোয়াট সংবাদকে প্রচার করেছেন।”
“যেখানে বলা হয়েছে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আইউবীসহ নেতৃবৃন্দ ঢাকায় কমিউনিটি সেন্টারে বৈঠক করে ইশরাক হোসেনকে নিজেদের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। তার এ কপি করা বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত।”
শিবির নেতৃবৃন্দ বলেন, “আমরা চ্যালেঞ্জ করে বলছি, ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সাথে ইশরাক হোসেনের সাথে বৈঠক দূরে থাক কোনোদিন দেখাও হয়নি। আর এ উদ্ভট তথ্যটি সিদ্দিকী নাজমুল আলমের নিজেরও নয় বরং অপরিচিত ভিত্তিহীন নামসর্বস্ব একটি অনলাইন পোর্টালের ভারসাম্যহীন প্রতিবেদনকে হুবহু কপি করে নিজের ফেসবুকে পোষ্ট করেছেন। যা বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে।”
“এর মধ্যে একটি দায়িত্বশীল পত্রিকা এরকম খবর করেছে, যা খুবই দু:খজনক। অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণকে আড়াল ও সরকারের প্রতিপক্ষদের বিরুদ্ধে ভারসাম্যহীন উদ্ভট গায়েবী রিপোর্ট প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা নামসর্বস্ব অনলাইন পোর্টালটির মূল কাজ, যা এর আগেও দেখা গেছে। আর সিদ্দিকী নাজমুল আলমেরও অসৌজন্য ও বেফাস মন্তব্য করার খ্যাতি রয়েছে।”
নেতৃবৃন্দ বলেন, “জনগণ সজাগ এবং সচেতন। ছাত্রশিবিরকে জড়িয়ে কান্ডজ্ঞানহীন বক্তব্য দিলেই জনগণ তা মেনে নিবে এমনটি ভাবা বোকামি। পত্রিকায় প্রকাশিত সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এ উদ্ভট আবিস্কার জনগণ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে, যার প্রমাণ নিউজটির অসংখ্য কমেন্টেই রয়েছে।”
শিবির নেতৃবৃন্দ বলেন, “আমরা সিদ্দিকী নাজমুল আলমকে তার কপি করা বক্তব্য প্রত্যাহার ও একপেশে গণমাধ্যমকে উদ্ভট নিউজ প্রকাশ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





