সিলেটের গোবিন্দগঞ্জ কলেজ শাখার সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে তাদের বহিষ্কার করা হয়। ছাত্রদলের এই ৭ নেতা জিলু হত্যা মামলার এজহারভুক্ত আসামি।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল জানান, ৭ জনের বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন- মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ আহমদ, সহ-সভাপতি নেছার আলম শামীম ও জামাল আহমদ ওরফে কালা জামাল। বাকি ৪ জনের নাম এখনো জানা যায়নি।

গত ২৭ জুন রাতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর গ্রুপের নেতাকর্মীরা কুপিয়ে খুন করে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে। জিলু ছাত্রদলের কেন্দ্রীয় সহ-ভাপতি আবদুল আহাদ খান জামাল গ্রুপের নেতা।

হত্যাকান্ডের ঘটনায় জিল্লুল হক জিলুর ভাই মাহবুব বাদি হয়ে ছাত্রদলের ২০ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এজহার নামীয় ওই ২০ জনের মধ্যে ৭ জনকে বহিষ্কার করা হয়।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ