তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগুন যুদ্ধকে প্রতিহত করার পাশাপাশি জঙ্গি তাণ্ডব প্রতিহত করে শেখ হাসিনা সরকার উন্নয়নের ধারা অব্যহত রেখেছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল(এমএল) আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন ১৪ দলীয় জোট সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
উন্নয়নের ধারাকে রক্ষা করতে বর্তমান সরকার সক্ষম হয়েছে জানিয়ে ইনু বলেন, এই মূহুর্তে আমাদের চ্যালেঞ্জ- মানুষ পোড়ানোর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার করা এবং জঙ্গিগোষ্ঠীর যেসব ছিটে-ফোটা ঘাটি আছে তা ধ্বংস করা।
উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনা সরকার আরো কয়েকবার ক্ষমতায় থাকা জরুরি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামালসহ বাংলাদেশের সাম্যবাদী দলের নেতাকর্মীরা।
এমএইচ





