অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এ মর্মে একটি বিবৃতি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে কল-কারখানা, অফিস-আদালত, গণপরিবহন, হাট-বাজার সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ ১৪ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষা অর্জনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ক্রমেই দেশ মেধাহীনতার দিকে অগ্রসর হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের জাতি আগামী দিনে এক মেরুদণ্ডহীন মেধাশূন্য জাতিতে পরিণত হবে এবং দীর্ঘ মেয়াদি দুর্ভোগে পড়বে।

তিনি আরো বলেন, অন্য সকল প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যবিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোন অদৃশ্য কারণে বন্ধ রাখতে হবে? দেশবাসী মনে করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া এখন সময়ের দাবি।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস