বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি গত রোববার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো’র গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন এবং নামাজ শেষে সকলের কাছে দোয়া চান। তিনি বলেন- আপনারা আমার মায়ের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন-আল্লাহ যেনো তাঁকে ধর্য ধারনের শক্তি দেন। আমি ও আমার পরিবার যেনো এই শোক ও কষ্ট কাটিয়ে উঠতে পারি এ জন্য সকলের কাছে দোয়া চাই।
পূর্ব ঘোষণা অনুযায়ী লন্ডন সময় বাদ আসর আলতাব আলী পার্কে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মীসহ কমিউনিটির বিভিন্নস্তরের কয়েকহাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। লন্ডনের বাইরের বিভিন্ন শহর থেকেও শতশত বিএনপি নেতাকর্মীরা জানাজায় শরীক হতে ছুটে আসেন।
জানাজার নামাজে ইমামতি করেন পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা সাদিকুর রহমান। তিনি নামাজ শেষে আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত ও বাংলাদেশের মানুষের শান্তি চেয়ে দোয়া করেন। এসময় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কাদের সালেহ।
জানাজায়া বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস, তারেক রহমান রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সেক্রেটারি এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, মুজিবুর রহমান রহমান মুজিব, আহমদ আলী, আখতার হোসেন, সেক্রেটারি কয়সর এম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক ড.মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ কাইয়ূম, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার নাজির আহমদ, মুফতি শাহ ছদরুদ্দিন প্রমুখ।
এমআর/এএইচ





