বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রিমান্ডে নিলে দেশের সকল জঙ্গি হামলার তথ্য বেড়িয়ে আসবে এমন দাবি করেছে আওয়ামী লীগের সাবেক সংগঠন আওয়ামী ওলামা লীগ।

মঙ্গলবার এক বিবৃতিতে ওলামা লীগের কার্য নির্বাহী সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, তারেক রহমানকে রিমান্ডে নিলে আসল রহস্য বেরিয়ে আসবে। আর অন্যদিকে সন্ত্রাসী ও জঙ্গী হামলার আশংকাও আর থাকবে না।

বিবৃতিতে বলেন, জামায়াত কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বীমা বিশেষ করে ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ব্যাংক এবং ফারইষ্টে ঘাপটি মেরে থাকা লোকদের চিহিৃত করে তাদের বরখাস্ত করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, একটি বিষয় খেয়াল রাখতে হবে, পাইকারি হারে মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদের সাথে জড়িত, এই বিষয়টি প্রচার করতে থাকলে আসল জঙ্গি-সন্ত্রাসীরা আড়ালে থেকে যাবে। ইতিমধ্যে জাতি দেখে আসছে, সন্ত্রাসী ও জঙ্গি হামলায় যারাই ধরা পড়ছে তাদের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মগজধোলাইকৃত ছাত্র।

আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের গড ফাদারদের মূল উৎস খুঁজতে সরকারি প্রশাসনের পাশাপাশি জনগণকে দেশ, ইসলাম ও মুসলিমদের স্বার্থে কৌশলে ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, জঙ্গি ও সন্ত্রাসী হামলার মূলপরিকল্পনাকারী জামায়াত-বিএনপি। লন্ডনে বসে তারেক জিয়া ও জামায়াতের ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক গংরা ইসরাইলী মোসাদের সহযোগিতা ও অর্থের বিনিময়ে শান্তিপূর্ণ দেশে অশান্তির দাবানলে পরিণত করে অকার্যকর রাষ্ট্র বানিয়ে ইঙ্গ মার্কিনীদের স্বাধীন সোনার বাংলায় প্রবেশ করানোর গভীর পায়তারায় লিপ্ত হয়েছে। তাই ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে রিমান্ডে নিতে হবে। তাহলেই এই জঙ্গি হামলার সমাধান হবে।

এমআইএস