বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোরশেদুল আলম মুকুলের মাতা সিরাজুন্নাহার বেগম এবং জামায়াতে ইসলামীর সূত্রাপুর থানার রুকন ও মুন্সিগঞ্জ জেলার সাবেক মহিলা বিভাগীয় সেক্রেটারি বদরুন্নাহার এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমাদের রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তাদের নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মোরশেদুল আলম মুকুলের মাতা মোসাম্মৎ বেগম বৃহস্পতিবার বিকাল ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার রাত ৯-০০ টায় রাজধানীর হাজারীবাগ এলাকার বায়তুল মোহররম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহঃ সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, জামায়াত নেতা শেখ শরিফ উদ্দিন, মু. আব্দুর রহমান, আকতার সোহেল প্রমুখ।
মরহুমা বদরুন্নাহার আজ শুক্রবার ভোরে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। এসময় তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা বদরুন্নাহার কর্মজীবনে বাংলাবাজার সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগরী দক্ষিণাধীন সূত্রাপুর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য রবিউল ইসলামের শ্বাশুড়ী। মরহুমার নামাজে জানাজা আজ বাদ জুম্মা রাজধানীর সরকারি কবি কাজী নজরুল ইসলাম কলেজের পার্শ্ববর্তী ক্বারী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এমআর





