[b]ঢাকা:[/b] সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে গণজাগরণ মঞ্চের ঢাকা-ঠাকুরগাঁও রোডমার্চ শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহবাগের প্রজন্ম চত্ত্বর থেকে রোডমার্চ যাত্রা শুরু করে।
রোডমার্চ শুরুর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন,আমরা তিন দফা দাবিতে আমাদের এই রোডমার্চ কর্মসূচি পালন করছি। দাবিগুলো হচ্ছে,সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে আলাদা আইন করা,এ পর্যন্ত সংগঠিত ঘটনায় দায়ীদেরকে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার করা এবং আক্রান্তদেরকে ক্ষতিপূরণ দেয়া।
তিনি বলেন,ব্যর্থদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রশাসনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।
তিনদিনের এই কর্মসূচিতে প্রথম দিনে শাহবাগ থেকে বের হয়ে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে প্রথম পথসভা হবে। এরপর কালিয়াকৈরের চান্দ্রা তিন মাথা, মির্জাপুরের পাকুল্লা জামুর্কি স্টেশন,টাঙ্গাইল দ্বিতীয় বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা হবে।