বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খুলনায় আসছেন।
বৃহস্পতিবার ঢাকা থেকে তিনি খুলনায় রওয়ানা হবেন।
শিল্প নগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তার এ আগমণ।
জানা যায়, নগরীর শিববাড়ি চত্বরে বিকাল ৩টায় এ অধিবেশন শুরু হবে।
খুলনা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রিয় নেত্রী ও সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, নির্বাহী সদস্য ও নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষ চন্দ্র বোস, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি।
এ সম্মেলনের উদ্বোধন করবেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।
এছাড়া খুলনার স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখবেন।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





