বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান সরকার এতটাই জনবিচ্ছিন্ন যে বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয় করন করেও সরকারের ভয় রয়ে গেছে। আর এজন্যই তারা বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সংসদের হাতে নিতে চাচ্ছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত ‘প্রস্তাবিত ষষ্ঠদশ সংশোধনী বিল এবং মৌলিক অধিকার’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, বিচারকদের মধ্যে ভয় ও চাপে রাখার জন্যই সরকার অভিসংশন আইন সংশোধন করতে যাচ্ছে। বিচার বিভাগ জনগণের রক্ষাকবচ। বিচার বিভাগকে হত্যা করলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে না।

তিনি বলেন, সরাকারের দুর্নীতি আর দু:শাসন যাতে কোন গণমাধ্যম প্রকাশ করতে না পারে সেজন্যই সরকার সম্প্রচার নীতিমালার অনুমোদন দিয়েছে।

চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব আরও বলেন, সংসদ স্বাধীন তবে সংসদে যারা আছেন তারা স্বাধীন নয়। কারণ তারা জনগণের সমর্থন নিয়ে সংসদে আসেন নাই।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেট হামলায় জড়িত ছিলেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যর সমালোচনা করে সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি বলেন, একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে বিচারাধীন মামলা সর্ম্পকে এ ধরনের মন্তব্য করা বিচার কার্যকে প্রভাবিত করে। প্রকৃত আসামীদের আড়াল করার জন্যই প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের মৌলিক অধিকার হরন করে। সংবাদ পত্রের স্বাধীনতাকে খর্ব করে। তাদের কার্যক্রমে আইনের শাসন ভ’লন্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম আবুল কালাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

ঢাকা, এমএইচ, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম