শেখ হাসিনার নেতৃত্বে কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের নির্বাচনে বাংলাদেশ বিজয় অর্জন করেছে বলে মন্তব্য করেছেন  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে যুক্তরাজ্য থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন (আইএমএসও) নির্বাচনে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ক্যাপ্টেন মঈন আহমেদ বিজয়ী হয়েছেন।

মন্ত্রী আরো বলেন, যুক্তরাজ্যের লন্ডনে সংস্থার ২৩তম অধিবেশনে ইতালি, জার্মানি, ফ্রাসসহ ৫টি দেশ এ নির্বাচনে অংশগ্রহণ করে। সংগঠনের ৯৯ সদস্যের মধ্যে ৮৭টি রাষ্ট্রের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ৫৯ ভোট পেয়ে বাংলাদেশ বিজয় অর্জন করে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও আন্তর্জাতিক নৌ পরিবহন সেক্টরের গুরুত্বপূর্ণ সংস্থা আইএমএসও’র ৩৫ বছরের ইতিহাসে ক্যাপ্টেন মঈন প্রথম বাংলাদেশি, যিনি সর্বোচ্চ এ পদে আসীন হলেন।

গত ২৫ নভেম্বর থেকে লন্ডনে শুরু হয় সংস্থার ৫ দিনব্যাপী অধিবেশন। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া, চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসিমউদ্দিন সরকার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ অধিবেশনে যোগ দেন।

এএইচ