গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) স্বতন্ত্র মেয়র প্রার্থী জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরীর আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহ’সহ জামায়াত-শিবিরের ৪৫জন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ (শুক্রবার) সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার একটি রিসোর্ট থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, এসময় ১৫টি পেট্রল বোমা, ৪টি ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়। এসময় সেখান থেকে জামায়াতের মহানগর আমির সানাউল্লাহ’সহ ৪৫ জনকে আটক করা হয়।
এসপি বলেন, “অভিযানে তাঁদের কাছ থেকে ১৫টি পেট্রলবোমা, ৪টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। আটকরা নাশকতার উদ্দেশ্যে আশপাশের জেলা থেকে ভোরে এখানে সমবেত হয়েছিল।”
তিনি আরও জানান, আটক হওয়ায় গাজীপুর মহানগর জামায়াত আমির এস এম সানাউল্লাহ স্বতন্ত্র পদে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন। পরে তিনি ২০ দলীয় জোটের সিদ্ধান্তে বিএনপির প্রার্থীর সমর্থনে তার প্রার্থীতা প্রত্যাহার করে হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন।
এদিকে, কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবককে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাঁদের আটক করা হয়।
এমবি





