যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে দুর্ভিক্ষ হয়। লাখ লাখ মানুষ না খেয়ে মরেছে। ক্ষমতাসীনরা দেশের মানুষকে বোকা বানাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, মাসে যাদের আয় হাজার কোটি টাকা, তাদের সঙ্গে সাধারণ মানুষের আয় গড় করে জনগণকে বোকা বানানো হচ্ছে।
এ সময় এমপি-মন্ত্রীদের রাস্তায় বেরিয়ে এসে জনগণ কেমন আছে, তা দেখার আহ্বান জানান এই বিএনপি নেতা।
ফখরুল বলেন, সরকার বেঁচে থাকার অধিকার, ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়ে ক্রীতদাস বানানোর সব ব্যবস্থা করেছে।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলনের করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এবিএস





