মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করেছেন ছাত্রলীগ। একই সাথে এই রায় রিভিউর দাবিও জানিয়েছেন তারা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রায় প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল বের করে ছাত্রলীগ। পরে মিছিল শেষে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সোহাগ বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে আপিল বিভাগ যে রায় দিয়েছে ছাত্র সমাজ সেই রায় প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে রিভিউর মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাক ওমর শরীফ প্রমুখ।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ