সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “আইন সব নাগরিকের জন্যই সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়, রন হককে গ্রেফতারের ঘটনা তারই প্রমাণ বহন করে।”

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

এর আগে আজ সকাল ১০টার দিকে গ্রেফতার হন রন হক সিকদার। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বিদেশে পলাতক থেকে দেশে ফিরে এলে ঢাকার হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিমানবন্দর থেকে রন হকের গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, একটি মামলায় তাঁর (রন হক) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ এখানে আদালতের পরোয়ানা বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, “আইন অনুযায়ী পুলিশ এখন তাঁকে আদালতে সোপর্দ করবে। পরবর্তী ব্যবস্থা আদালতই নেবে।”

গত বছরের ১৯ মে গুলশান থানায় এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে একটি মামলা করে। মামলার এজাহারে তাঁদের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণের প্রস্তাব দিয়েছিল। ঋণ প্রদান প্রক্রিয়ায় রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন ওই কর্মকর্তাকে আটক করে হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এ মামলার পর রন হক সিকদার এবং তাঁর ভাই দিপু হক সিকদার ব্যক্তিগত জেট বিমানে ঢাকা ত্যাগ করেন বলে বিমানবন্দরের কর্মকর্তারা সাংবাদিকদের জানান।

এমবি