কাউন্সিলের ৭৫ দিন পর নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক করেছে বিএনপি।
শুক্রবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই বৈঠক হয়।
প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, “আজকে বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের নিয়ে আমরা প্রথম বৈঠক করেছি। এই বৈঠকটি ছিলো মূলত আনুষ্ঠানিক বৈঠক।
“এই বৈঠকে আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্য্ক্রম কীভাবে আরও বেগবান করতে পারি এবং বিএনপিকে আরও শক্তিশালী করে কীভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবার যে আন্দোলন চলছে তাকে এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি।”
গত ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়। ওই কাউন্সিলে আগত কাউন্সিলররা সর্বসম্মতভাবে দলের নির্বাচিত চেয়ারম্যান খালেদা জিয়াকে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এরপর তিন দফায় মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক পদে মোট ৪০ জনের নাম ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে।
দলের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি ও সম্পাদকমণ্ডলীর অন্য সদস্যদের নাম এখনও ঘোষণা করা হয়নি।
এই প্রথম বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুর কবির খোকন, হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নুরুল ইসলাম মঞ্জু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাখাওয়াত হোসেন জীবন, সাহাদাত হোসেন, আনোয়ারুল আজীম, বিলকিস শিরিন ও শামা ওবায়েদ ছিলেন।
সহ-সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আবদুল মোমেন তালুকদার খোকা, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মোস্তাক মিয়া, মাহবুবুর রহমান শামীম, আবুল হাশেম বক্কর, মাহবুবুল আলম নান্নু, শাহীন শওকত, শামসুজ্জামান, সৈয়দ জাহাঙ্গীর হোসেন, মোশতাক মিয়া, আবদুল আউয়াল খান, শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন, সেলিমুজ্জামান সেলিম, শহিদুল ইসলাম বাবুল ও জয়ন্ত কুণ্ডু উপস্থিত ছিলেন।
এফএফ





