মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের আওয়ামী লীগ সরকার কখনো ক্ষমতাচ্যূত হতে পারেনা।
তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি হচ্ছে। পদ্মা সেতু নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
তিনি শুক্রবার গাজীপুরের কালীগঞ্জ নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও পল্লী বিদ্যুতের ২৫০টি নতুন সংযোগের উদ্বোধন শেষে স্টেশন সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর দেশে অগ্নিকান্ডের ঘটনায় অনেক জান ও মালের ক্ষয়-ক্ষতি হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দেশে ফায়ার সার্ভিসের যে মেশিন আনা হয়েছে তা দিয়ে ২০ তলা ভবনের অগ্নি নির্বাপন করা সম্ভব।
আর বর্তমান সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে এ সেক্টরে আরো অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বহুতল ভবনের অগ্নি নির্বাপন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ওই সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুতের নতুন সংযোগ পৌঁছে যাবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। ওই অধিদপ্তরের উপ পরিচালক মো. মোজাম্মেল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হযরত আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালীগঞ্জ স্টেশন ইনচার্জ মো. আব্দুস সাত্তার প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী উপজেলার দেওপাড়া, চৈতারপাড়া ও টহরদিয়া এলাকার ২৫০টি পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন।
এসএইচ





