বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ রোববার সারাদেশের জেলা সদরে ও ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল করবে।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না দেয়ায় শনিবার দুপুরে এ কর্মসূচীর ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই দিনটিতে কর্মসূচি পালন করতে না দেয়া গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল মন্তব্য করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, যারা এই দিনটিকে স্বীকার করেন না, তারা বাংলাদেশকে স্বীকার করেন না। তারা জনগণের অধিকারকে স্বীকৃতি দেয় না। তারা গণতন্ত্রকেও অস্বীকার করে। অথচ ৭ নভেম্বর গণতন্ত্র নতুন করে জন্ম নিয়েছিল।

এর আগে আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র বাচিয়ে তুলেছিলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশ বাহিনী বিরোধী দলকে সমাবেশ, মিছিল এমনকি মানববন্ধন করতেও দেয় না। অথচ সরকারি দল দিন রাত ২৪ ঘন্টা সভা-সমাবেশ করছে তাতে পুলিশের সামান্যতম ভূমিকা দেখা যায় না।

এআর