চলমান করোনাভাইরাসের কঠিন পরিস্থিতির মধ্যে দ্বিতীয় বছরের মতো দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষে রাজধানীবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ধন-সম্পদসহ সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। ঈদুল আজহা আমাদের শুধু ত্যাগ ও কোরবানির প্রেরণাই দেয় না, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ধনী-গরীবের বৈষম্য দূর করে আমাদেরকে শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দেয়। কোরবানির ঐতিহাসিক শিক্ষা অনুধাবনের মাধ্যমে মুসলমানরা একদিকে আল্লাহর নির্দেশ পালন করেন, অন্যদিকে আল্লাহর পথে আরো দৃঢ়ভাবে চলার জন্য মনস্থির করেন।

দেশব্যাপী এই করোনা সংক্রমণ পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন ও আয়-রোজগার বঞ্চিত হয়ে পড়েছেন। তাদের নিকটজন ও পরিবারের সদস্যদের ন্যূনতম চাহিদা পূরণ করা তাদের জন্য অনেকটা অসম্ভব হয়ে পড়েছে এবং অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় আত্মত্যাগ এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি হাসিলের বড় মাধ্যম।

করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত সাধারণ মানুষদের সেবা দেয়ার লক্ষ্যে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ আর্থিক ও নানাবিধ সহযোগিতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে। এতে জনগণ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করবো।

নেতৃদ্বয় সেইসব ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

নেতৃদ্বয় এই মহামারীর ভয়াবহতা ও বিপর্যয়কর অবস্থা থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন। সেইসাথে সবাইকে সর্বাবস্থায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে স্বাস্থ্য সচেতন থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস