স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কার গাফিলতিতে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে তা খুঁজে বের করবোই।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর শাহবাগে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখে জখম হওয়ার ঘটনায় পুলিশর গাফিলতি ছিল কিনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদন সন্তোষজনক না হলে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হবে। কার গাফিলতিতে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে তা খুঁজে বের করবোই। যার গাফিলতিতে এ ঘটনা ঘটেছে তাকে বিচারের আওতায় আনবো।

মন্ত্রী আরও বলেন, শাহবাগ মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে যেন কোনোভাবেই যানবাহন থমকে না থাকে, যানজটের সৃষ্টি না হয় সেজন্যই পুলিশকে সচেষ্ট থাকতে হয়। এ লক্ষ্যেই পুলিশ সেখানে তৎপর থাকে। সরকারি পক্ষের বা বিপক্ষের হোক কোনও ধরনের সভা-সমাবেশ করতে পুলিশ সেখানে বাধা দেয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের পুলিশের সংঘর্ষের ঘটনায় তিতুমীর কলেজের সিদ্দিকুর চোখ আঘাত পান। আঘাতে তার দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার দৃষ্টি শক্তি ফেরার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডাক্তাররা।

এমবি