বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আমির হোসেন আমু বলেন, আমাদের বিরুদ্ধে বলা হতো আমরা ভারতের দালাল। অথচ শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে মামলা করে সমুদ্র সীমা অর্জন করেছে। ফারাক্কা চুক্তি করেছেন। তিস্তা চুক্তির বিষয়ে পদক্ষেপও তিনি নিয়েছেন। বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে ভারতের সঙ্গে যে বিষয়গুলো সমাধান হয়নি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার সমাধান করা হয়েছে।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মুক্তিযুদ্ধের শক্তি এক হয়েছে। অপর দিকে সকল অশুভ শক্তি বিএনপির নেতৃত্বে জোট বেঁধেছে। দেশের উন্নতি করতে হলে এই সকল অশুভ শক্তিকে সমূলে নির্মূল করতে হবে।না হলে এরা দেশের উন্নয়ন করতে দিবে না।
হানিফ বলেন, জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিল না। তিনি চাপে পড়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। পাকিস্তানের অস্ত্রের চালান যে জাহাজে এসেছিল সেই জাহাজের দায়িত্বে ছিল জিয়াউর রহমান।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১১ হাজার যুদ্ধাপরাধীকে জেল থেকে মুক্তি দিয়েছিল। কুখ্যাত গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব দেয়। যুদ্ধাপরাধী আব্দুল আলীমকে তার মন্ত্রী বানায়। এগুলো কিসের জন্য? একমাত্র পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য।
শ্রমীক লীগের সভাপতি শক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
ঢাকা, এমআর, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





