আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।  

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সংবিধান প্রণেতা, প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন এই আহ্বান জানান।  

আজ (২৮ অক্টোবর) রোববার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের অন্যতম ড. কামাল হোসেন স্বাক্ষরিত এই চিঠিটি আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে নিয়ে আসেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক ও দলটির যুগ্ম-সেক্রেটারি আ হ ম শফিকুল্লাহ।

চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। 

এই চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা ও ১১ লক্ষ্য উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপ আয়োজনের দাবি করা হয়েছে।

চিঠি পাওয়ার পর এর সত্যতা নিশ্চিত করে দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর ঐক্যফ্রন্টের পাঠানো দুটি চিঠি আমরা পেয়েছি। আগামীকাল চিঠিগুলো খোলা হবে। এরপর এই বিষয়ে দলের পক্ষ থেকে জবাব দেওয়া হবে কিনা তা ঠিক করা হবে।

এমবি