ইসলাম অবমাননার দায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পরে মিছিল বের করে দলটি নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় অতিক্রম করার সময় পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই তারা লতিফ সিদ্দিকীর কুশপুতুল দাহ করে।

এ সময় হেফজতের কর্মীরা ‘লতিফ সিদ্দিকীর ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকে। পরে মিছিলটি দৈনিক বাংলা মোড় হয়ে আবার বায়তুল মোকাররমের দিকে গিয়ে শেষ হয়।

এদিকে নির্ধারিত কর্মসূচি পালন করতে শুক্রবার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে থেকে হেফাজতের সমর্থকরা বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বায়তুল মোকাররম এলাকায়।

এআর