বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নেবে না ২০ দলীয় জোটের অন্যতম শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এই দলটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
আজ (বুধবার) এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের বাসভবনে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় চেয়ারম্যানের অনুমতি ব্যতিত মিডিয়াতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোন বক্তব্য দিলে এর দায় পার্টি বহন করবে না। এছাড়া, এলডিপির ইমেজ ক্ষুন্ন হয় এমন বক্তব্য কেউ দিলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে বলেও জানানো হয়।
বৈঠক নেতারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।
আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশকে রক্ষার জন্য এবং দেশের ১৬ কোটি মানুষকে রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।
এমবি





