প্রস্তাবিত গণবিরোধী বাজেটের প্রতিবাদে ২৮ জুন রোববার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

রোববার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন,“সরকার চলতি ২০১৫-১৬ সালের জন্য যে জাতীয় বাজেট ঘোষণা করেছে তা জনগণের স্বার্থবিরোধী। এ বাজেটের দ্বারা সরকারী দলের লোকদের ও সরকারী কর্মকর্তা এবং কর্মচারীদের তুষ্ট করার চেষ্টা করা হয়েছে। এ বাজেটে সাধারণ জনগণের স্বার্থ উপেক্ষা করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘোষিত বাজেট একটি ঘাটতি বাজেট এবং ঋণ নির্ভর। সরকার বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করলেও তা বাস্তবায়নের কোন দিক নির্দেশনা নেই। দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থায় এ বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়।

বাজেট ঘোষণার সাথে সাথেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। পবিত্র এ রমযান মাসে সাধারণ দরিদ্র জনগণ দু’বেলা খাবার জোটাতে পারছে না। তাদের অবস্থা নুন আনতে পান্তা ফুড়ায়। দরিদ্র জনগণ ক্ষুধায় কষ্ট পাচ্ছে।

সরকার কৃষি ও জনস্বাস্থ্য খাতে ভর্তুকি দেয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ভ্যাট বসিয়েছে। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিখাতের ওপর সরকারের উদাসীনতা প্রকারান্তরে অর্থনৈতিক উন্নয়নে সরকারের অবজ্ঞা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের মত শিক্ষায় পিছিয়ে থাকা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ভ্যাট বসানোর মাধ্যমে মূলতঃ শিক্ষা সংকোচনেরই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  

প্রস্তাবিত জনস্বার্থ বিরোধী বাজেটের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ২৮ জুন রোববার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহবান জানিয়ে দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”

এসএইচ