বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী শরিয়াহবিরোধী। দেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ায় তাদের ধর্মীয় বিধান পালনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানেও প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
ফয়জুল করীমের দাবি, গত ৬ সেপ্টেম্বর সংসদে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী পাস করা হয়েছে। এতে কোরআনে বর্ণিত ইসলামের একটি বিধানে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারও কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না বলে অঙ্গীকার করেছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাসের মধ্যেই এমন একটি আইন পাস হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, শরিয়াহসংক্রান্ত বিষয়ে উলামায়ে কেরামের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে আইনটি নিয়ে আরও পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান তিনি।
দেশের চলমান বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, বেকারত্ব, দ্রব্যমূল্য, সন্ত্রাস ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যায় মানুষ জর্জরিত। এসব সমস্যার সমাধানে মনোযোগ না দিয়ে শরিয়াহবিরোধী আইন করা হতাশাজনক।
ফয়জুল করীম বলেন, সরকারকে আইনটি পুনর্বিবেচনা করে উলামায়ে কেরাম ও আইনবিদদের সঙ্গে পরামর্শ করতে হবে। কোনো অবস্থাতেই সমস্যা সমাধানের নামে শরিয়াহ অমান্য করা যাবে না।
আইনটি বাতিলের দাবিতে শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
এস
