সমাবেশের অনুমতি নিয়ে বেশ কয়েকদিন দোলাচলে থাকার পর অবশেষে আজ শনিবার দুপুরে ২৩টি শর্ত পাহাড় জুড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । আজ ডিএমপি কাছ থেকে সবুজসংকেত পায় বিএনপি।
এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শর্তগুলোর কথা জানিয়ে বলেন, ‘যেকোনো শর্তে সমাবেশ করবে বিএনপি’।
যেহেতু ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামীকাল রোববারই সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি, সেহেতু একেবারে শেষমুহূর্তে শুরু করতে হয়েছে প্রস্তুতি।
আজ দুপুরে অনুমতি পাওয়ার পর শুরু হয় তোড়জোড়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনা হয় বাঁশ, মাইক, চেয়ারসহ সমাবেশের মঞ্চ তৈরির আনুষঙ্গিক সরঞ্জাম। কাল সকালের মধ্যেই শেষ করতে হবে সমাবেশের প্রস্তুতি।
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চ তৈরি ও অন্যান্য কার্যক্রমের প্রস্তুতি দেখতে।
মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি বলেন, ডিএমপি কমিশনাররের কাছ থেকে অনুমতি পাওয়ার পর দলের সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের সমাবেশ সফল করার জন্য মঞ্চ তৈরির কাজ সন্ধ্যায় শুরু হয়েছে। চলবে রাতভর।
সমাবেশে অংশ নিতে এরই মধ্যে অনেক নেতাকর্মী দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। অনেকই আসছেন। তাঁরা জানালেন, উৎসবমুখর পরিবেশে আগামীকালের সমাবেশের জন্য অপেক্ষা করছেন তাঁরা। এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা তাঁদের। নেতাকর্মীদের মধ্যে অনেকেই রাতভর সমাবেশস্থলে থাকার প্রস্তুতি নিয়ে এসেছেন।
এ প্রসঙ্গে শায়রুল কবির বলেন, নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে। আগামীকাল এই এলাকা লোকে লোকারণ্য হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এই সমাবেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। সমাবেশ উপলক্ষে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ওই দিন সমাবেশের অনুমতি মেলেনি। পরে ১২ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করে দলটি।
পরে আজ দুপুরে ২৩টি শর্ত জুড়ে দিয়ে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।
এএস





