মানুষ আজ র‌্যাবের নাম শুনলে আতঙ্কিত হয়, আর আওয়ামী লীগ অবৈধ সরকার বিএনপির সমাবেশে কথা শুনলে আতঙ্কিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, '৭২-'৭৫ থেকে ভয়াবহ অবস্থা এখন। র‌্যাবকে আজ সেই রক্ষী বাহিনীতে পরিণত করেছে। এই র‌্যাব আর চলতে পারে না। র‌্যাবকে বিলুপ্ত করতে হবে। র‌্যাবকে জামাই আদরে রাখা চলবে না। একজন মন্ত্রী জামাইকে দিয়ে র‌্যাব চালিয়ে র‌্যাবকে ধ্বংস করা হয়েছে। তারা আজ প্রশিক্ষণ নিয়ে টাকা খেয়ে মানুষ হত্যা করছে।
তিনি বলেন, হাসিনার মামলা ছিল ১৫টা, আমার ছিল ৪টা। আমার মামলা চলতে হলে তার ১৫টাও চলতে হবে। তিনি প্রধানমন্ত্রী হলেই তার মামলার কার্যক্রম বন্ধ হয়ে যাবে সেটা হতে পারে না।
তিনি আরও বলেন, যদি ২০-৩০ বছর আগের কর্মকাণ্ডের বিচার হতে পারে তাহলে আপনাদের এই অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একদিন বিচার হবে। সব দয়া-দক্ষিণায় নির্বাচিত অবৈধ মন্ত্রী, এমপি যারা অনির্বাচিত হয়ে সংসদে গেছেন, তাদের লজ্জা কর না কথা বলতে। দেশে যদি সত্যিকারের বিচার বিভাগ থাকতো এবং ন্যায়বিচার থাকতো তাহলে এই নির্বাচন একদিনের মধ্যে বিচার বিভাগ এটাকে বাদ করে দিতো।
বেগম জিয়া বলেন, অপকর্ম কত করতে পারেন, করেন। আরেকটু পরেই আন্দোলনের ডাক আসছে। আলেম ওলামা কত হত্যা করেছেন, সারাদেশে শুধু এই বছরেই ৩২৩ জন হত্যা করেছেন। গত মাসেই শুধু ২৩ জন খুন করেছে ঢাকা থেকে। তাই এই সরকারের বিরুদ্ধে রাস্তায় মা-বোন নেমে আসচে। আমরাই দেখিয়ে দেবো সুপ্রিম কোর্টে কারা কথা বলবে।
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই একতাবদ্ধ হই। ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই। আইনের শাসন প্রতিষ্ঠা হবেই। গুম-খুন-অপহরণ আর মেধাবী ছাত্রদের হত্যা বন্ধ হবেই।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস // এআর[/b]