দেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন তিনি। জাবি ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আন্তর্জাতিক জঙ্গি আইএস, আল কায়েদা নেই। ঘাপটি মেরে থাকা দেশীয় জঙ্গিদেরকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইএস, আল কায়েদা বলে প্রচার করে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
সংগঠনের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) ড. আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক মনজুরুল হকসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএনজে





