বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা রোববার স্থানীয় সময় বাদ আসর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হবে। এতে আরাফাত রহমান কোকোর জ্যেষ্ঠ সহোদর বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্য বিএনপি।
এছাড়া আরাফাত রহমান কোকোর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। শনিবার বাদ জোহর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া, কোরআনে খতম অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপি কার্যালয়ে বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মশফিকুল ফজল আনসারী, আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক এম কায়ুইম, ব্যারিস্টার আবু সায়েম, মেজর (অব.) সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য আহবায়ক নাসির আহমদ শাহিন, সদস্য সচিব আবুল হোসেন, যুবদল নেতা দেওয়ান আব্দুল বাছিত, সোয়ালিহিন করিম চৌধুরী প্রমুখ।
জেএ





