গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

শনিবার সকাল ১০টা থেকে কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। ১০টা ২০ মিনিটের দিকে কর্মসূচি শুরু হয়।

এদিকে শুরু হওয়ার পর পুলিশ কর্মসূচি পালনে বাধা দেয়। অনুমতি না থাকায় কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ‍পুলিশ ব্যানার কেড়ে নেয়। এরপর নেতাকর্মীরা দ্রুত কর্মসূচি স্থল ত্যাগ করে।

নগরীর কোতোয়ালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু এজন্য তারা কোন অনুমতি নেননি।

তিনি বলেন, নগর বিএনপির ব্যানারে কর্মসূচি শুরু করেছিল। পুলিশ দেখে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

এআর