বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মির্জা ফখরুলরা বাংলাদেশের কোনো উন্নয়ন চোখে দেখতে পায় না। তারা যখন বলেন দেশে অর্থনৈতিক ভাবে লুটপাট হচ্ছে, তখন আমার কাছে মনে হয় ‘ভুতের মুখে রাম নাম’।

আজ শনিবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চট্টগ্রামে করোনা রোগী ও লাশ পরিবহনের জন্য গাউসিয়া কমিটির কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর এবং করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে বিএনপি নেতারা বড় বড় কথা বলেন। তারা দেশে একটা লুটের রামরাজ্য কায়েম করেছিলেন। তারা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছিল। সেই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে অর্থনৈতিক ভাবে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজকে সারাবিশ্বের সাথে বাংলাদেশও করোনায় আক্রান্ত। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বাংলাদেশও করোনা আক্রমণ করছে। আল্লাহ তায়ালার অসীম কৃপায়, দেশের নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সমস্ত উন্নত দেশগুলো যখন মুখ থুবড়ে পড়েছে, স্বাস্থ্যখাত যখন হতবিহ্বল হয়ে পড়েছে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের মানুষের জীবন ও জীবিকা উভয়ই স্থিতিশীল রেখে দেশ পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। অর্থনৈতিক প্রবাহ ঠিক রাখার জন্য একটি স্বাভাবিক পর্যায়ে লকডাউন দিয়ে চলছে দেশ।

তিনি আরো বলেন, লকডাউন পরিস্থিতিতেও আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠন মানুষের পাশে দাড়িয়েছে। কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছে, এমনকি মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন রয়েছেন, যারা লাইনে এসে হাত পাততে পারেন না, মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে রাতের অন্ধকারে তাদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

এবিএস