দেশের বেশির ভাগ লোকই করোনাভাইরাসের পরীক্ষা করাতে অনাগ্রহী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।
শনিবার (০৫ ডিসেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, “বেশির ভাগ লোকই করোনাভাইরাসের পরীক্ষা করাতে অনাগ্রহী। ফলে একজন আক্রান্ত হলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে। তাই লক্ষ্মণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করাতে উদ্বুদ্ধ করতে হবে।”
এ সময় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লাগানো গাছের কথা উল্লেখ করে তিনি বলেন, “পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের বিকল্প নাই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। তিন-চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ সবুজ ও দৃষ্টিনন্দন হবে।”
সভায় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহসহ কমিটির সদস্যরা।
এমবি





