বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামী আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত- শিবির কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সবুজবাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর জামায়তে ইসলামী। এতে নেতৃত্ব দেন মহানগরী জামায়াত নেতা মুকাররম হোসাইন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতা শামছুর রহমান সরকারকে হুশিয়ারী করে বলেন দশ ট্রাক অস্ত্র মিথ্যা মামলায় গণ মানুষের নন্দিত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। আমরা দীপ্ত কন্ঠে বলতে চাই নিজামীর কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে।
এদিকে নিজামীর মুত্যৃদণ্ডের বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর এলাকায় জামায়াত নেতা মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।
এছাড়া যাত্রাবাড়ী,বংশাল ও উত্তরাসহ বিভিন্ন স্থানে মিছিল করে জামায়াত-শিবির।
বৃহস্পতিবার চট্রগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করেন। এতে  নিজামী, বাবর ও পরেশ বড়ুয়াসহ ১৪ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
ঢাকা, জেআই, ৩০ জানুয়ারি( টাইমনিউজবিডি) // এসআর