সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী বিএনপি সমর্থিত তারিকুল ইসলামের ওপর হামলা এবং তাঁকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (১৭ জানুয়ারি) রোববার দলের সহ-দপ্তর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সিরাজগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী তারিকুল ইসলামের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের নৃশংস ও পৈশাচিক হামলা এবং তাঁকে হত্যার ঘটনায় আবারও প্রমাণিত হলো যে, সরকার রক্ত ঝরিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। সুষ্ঠু নির্বাচন, পরমত সহিষ্ণুতা, বিবেক, সহমর্মিতা ও দয়া-মায়ার লেশমাত্র আওয়ামী লীগের বিধানে নেই। শুধু রাজনৈতিক বিরোধী পক্ষই নয়, বিবেকবান নাগরিক সমাজ ও বুদ্ধিজীবী যারা সত্য কথা বলছেন, তাঁরাও শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমান সরকার দেশকে এক মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।”
বিবৃতিতে বলা হয়, “দুস্কৃতিকারীরা যেই হোক তাদের আইনের আওতায় এনে যদি শাস্তি দেওয়া হতো তাহলে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদে বিজয়ী তারিকুল ইসলামকে আওয়ামী লীগের পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতে জীবন দিতে হতো না। দেশে এখন আইন-কানুনের কোনো বালাই নেই। এরই ধারাবাহিকতায় মৃত্যুপথের যাত্রী হতে হলো তারিকুল ইসলামকে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তারিকুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।”
এমবি





