বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করছেন। তিনি বিশেষ রাজনৈতিক দলের নেতা ছিলেন পাবনা ও রাজশাহীতে। তিনি তার পদে থেকে সাংবিধানিক ভাষায় কথা বলছেন না।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, মাহবুব উল্লাহ, জাফর উল্লাহ সাহেব এমনকি বিদেশি সাংবাদিকেরও শাস্তি হয়েছে। মাহমুদুর রহমান জেলে। আমার দেশ বন্ধ হয়েছে। অর্থাৎ ভিন্ন মত হলেই সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তা দমন করছে।

তিনি বলেন, আদালতের মাধ্যমেই শেখ হাসিনা ১৫টি মামলা তুলে নিয়েছেন। এমনকি বিচারাধীন মামলাও তিনি তুলে নিয়েছেন। মামলার বাদী আজম জে চৌধুরী শেখ হাসিনাকে ঘুষ দিয়েছিলেন তা পত্রিকায় ফাঁস হয়েছিলো, সেই মামলার ট্রায়ালও শুরু হয়েছিলো, কিন্তু তা থেমে গেছে। অথচ যে মামলার কোনো ভিত্তিই নেই সেই মামলা হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে।

ফখরুল আরও বলেন, এই সরকার মামলা মোকদ্দমা দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করছে। অনৈতিক ও অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তার বিচার বিভাগকেও ধ্বংস করেছে। উচ্চ আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। যখন সরকার অন্যায়ভাবে বিরোধী রাজনীতিকদের হয়রানি করে তখন উচ্চ আদালতে গিয়ে আমরা পেয়েছি। কিন্তু এখন আদালতের আচরণে আমরা হতাশ। এখন দেশে দু’টি নিয়ম। একটি সরকারি দলের জন্য আরেকটি বিরোধী দলের জন্য।

জেএ