বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিটি গুমের জবাব শেখ হাসিনাকে দিতে হবে। এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে গুম-খুনের বিচার করা হবে। আর গুমের দায়ে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনাকে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মিলায়তনে ফ্যাসিস্ট, স্বৈরাচার, অবৈধ আওয়ামী সরকারের প্রত্যক্ষ মদদে ৫ জানুয়ারি ২০১৪ প্রহসনমূলক নির্বাচনের পূর্বে এবং পরবর্তী সময়ে গুম-খুন অত্যাচারের প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গসংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জের খুনের ঘটনায় প্রমাণিত হয়েছে এর সাথে কারা জড়িত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে ব্যবহার করছে।

তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে জনগণ নিদারুন যন্ত্রনার মধ্যে দিয়ে অতিক্রম করছে। দানব সরকার বাংলাদেশের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। গুম একটি জঘণ্যতম অপরাধ। আর এ অপরাধের জন্য সরকারই দায়ী।

এ সময় বিএনপির এই মূখপাত্র প্রতিজ্ঞা করে বলেন, জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনে এই

স্বৈরাচারীদের পতন ঘটিয়ে যারা গুম-খুণের সঙ্গে জড়িতদের খুজে বের করবো এবং বিচারের মুখোমুখি করবো।

সরকার একে একে গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে বন্ধ করে দিচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, সরকার জনগণের ওপর দানবের মত বসে আছে। ক্ষমতাসীনদের কথা শুনলে মনে হয় তারা এদেশের রাজা আর সকলেই প্রজা। কিন্তু তারা ভুলে গেছে জনগণই সকল ক্ষমতার উৎস।

এর আগে গুম হওয়া ২২ পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সিঙ্গাপুর বিএনপির পক্ষ থেকে অনুদান দেওয়া হয়।

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এমএইচ, জেএ