সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তবে কোনো অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। দেশে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবেই। সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ ২০১৪ সালের মতো নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসবে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আমু বেলা তিনটায় খনি প্রকল্প এলাকায় আসেন এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রকল্পটি ঘুরে দেখেন। পরে সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

সমাবেশে আমির হোসেন আমু আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন মধ্যম আয়ের দেশ। শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। সব উপেক্ষা করে শেখ হাসিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’ 
টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘এই প্রকল্পটি অনেক দিন ধরে বন্ধ। আমরা এটি আবার চালু করার চিন্তাভাবনা করছি। সে অনুযায়ী কাজ হচ্ছে।’

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী মরতুজা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন প্রমুখ।

এমআর