জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী।
শনিবার ওই কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর জামায়াত।
সকাল ৮টায় কুড়িল বিশ্বরোড এলাকার মিছিলে জামায়াতের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মু. সেলিম উদ্দিন বলেছেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা প্রলম্বিত করতেই জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন, আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন প্রতিহিংসা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে নেতৃত্বশূন্য করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসাবে এখন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সফল মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনছে সরকার।
সেলিম বলেন, কিন্তু আওয়ামী লীগের মনে রাখা উচিৎ, অতীতে যারাই ইসলামী আন্দোলন ও ইসলামপ্রিয় নেতৃবৃন্দের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে তারাই চরম লাঞ্ছিত ও অপদস্থ হয়ে ইতিহাসের আঁস্তাকূড়ে নিক্ষিপ্ত হয়েছে।
সরকারের নির্ধারিত ছকে ও প্রহসনের নাটক মঞ্চায়নের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দের বির্বদ্ধে ষড়যন্ত্রমূলক বিচার জনগণ কখনো মেনে নেয় নি ও নেবেও না। হত্যা করে, নির্যাতন করে ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করা যাবে না বরং আলৱাহর ওয়াদা অনুযায়ী বাতিল আওয়ামী শক্তির অনিবার্য পতন সুনিশ্চিত।
জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুজাহিদসহ গ্রেপ্তার সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান তিনি।
পথসভায় জামায়াত নেতা আ.জ.ম. কামাল উদ্দিন, সালাহউদ্দিন, রোকন উদ্দিন খান, অ্যাডভোকেট ইবরাহীম খলীল, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আনিসুর রহমান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
ইআর





