জঙ্গিদের কার্যক্রমে বিএনপি-জামায়াতের রাজনৈতিক মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে জনগণ যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তা প্রশংসনীয়। জঙ্গিদের এই কার্যক্রমে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এর সাথে বিএনপি-জামায়াতের রাজনৈতিক মদদ রয়েছে।

তারা এই দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে চায়। ইসলামকে ভুলভাবে উপস্থাপন করতে চায়। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'

শনিবার বিকেল ৪টায় বাগমারার ভবানীগঞ্জ নিউ মার্কেটে জঙ্গিবাদ বিরোধী সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অচল করে দেয়া। কিন্তু এদেশের মানুষ চায় এগিয়ে যেতে। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।'

তিনি বলেন, 'জঙ্গিদের একটাই উদ্দেশ্য ছিল দেশকে দিশেহারা করে দেয়া। ১৯৭১ সালে যারা এদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারাই এখন শিবির, হুজি, জেএমবিসহ নানা নামে রগ কাটছে এবং জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এদেশের মানুষ এটা বুঝে গেছে, তাই তারা জঙ্গিদের পছন্দ করে না। ইসলামের নাম ভাঙ্গিয়ে জঙ্গিরা এসব কার্যক্রম চালাচ্ছে। বিদেশি, হিন্দু পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুসহ সারাদেশে তারা হত্যাযজ্ঞ শুরু করে। এতে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।'

জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, 'পুলিশ র‌্যাব বিজিবি সবাই জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছে। তারা জীবন বাজি রেখে সব ষড়যন্ত্র রুখে দিচ্ছে। আপনারা সহযোগিতা করলে জঙ্গিরা আত্মসমর্পণ করবে, নয়তো দেশ ছেড়ে পালাবে।'

নারায়ণগঞ্জে নিহতদের সম্পর্কে মন্ত্রী বলেন, 'তামিম চ্যাপ্টার ক্লোজড করা হয়েছে। জিয়ার চ্যাপ্টারও ক্লোজড হবে। তামিমের পরিণতি কি হয়েছে তা সবাই দেখেছেন। জনগণ ঘুরে দাঁড়িয়েছে। কেউ জঙ্গিদের পছন্দ করে না। আপনাদের সন্তান, প্রতিবেশিদের দিকে নজর রাখুন। সতর্ক হন। যে যেখানে থাকুন, ঘুরে দাঁড়ান।'

বাগমারার সংসদ সদস্য এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আখতার জাহান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ। 

এসএ