মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় ইসরাইলি সেনাদের হামলায় দুই শতাধিক মুসল্লী আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (০৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমীর বলেন, “৮ মে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদ আল আকসায় ইসরাইলি সেনাদের বর্বর হামলায় দুই শতাধিক মুসল্লী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর।”
“পবিত্র রমাদান মাসে ইসরাইলি সেনাদের এই ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় গোটা মুসলিম বিশ্বের সাথে আমরাও গভীরভাবে মর্মাহত। আমরা ইয়াহুদীবাদী ইসরাইলি সেনাদের এ পৈশাচিক হামলার নিন্দা জানাচ্ছি।” বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, “মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসার পবিত্রতা রক্ষা এবং নির্যাতিত ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ইসরাইলি সেনাদের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা মুসলিম বিশ্বের সকল শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি
এমবি





